চাচাকে সহযোগিতায় ভাতিজা প্রার্থী
মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত প্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন আহমদকে সহযোগিতা করতে তাঁর ভাতিজা মোস্তফা কামাল প্রার্থী হয়েছেন বলে জানা গেছে।
তবে নির্বাচনে চেয়ারম্যান পদে দলের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে বিএনপির উপজেলা কমিটির সদস্য আছাদ উদ্দিন অংশ নিচ্ছেন। এখানে ৩১ মার্চ ভোট গ্রহণ হবে।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির উপজেলা কমিটির এক নেতা জানান, কামালের বাবা মৃত আমির উদ্দিন আহমদ নাসিরের বড় ভাই। তাই চাচাকে জয়ী করাতে মোস্তফা কামাল বিভিন্ন এলাকায় কাজ করে যাচ্ছেন। তিনি (মোস্তফা কামাল) প্রার্থী হওয়ায় নিজেসহ একজন নির্বাচনী প্রতিনিধি (এজেন্ট) ও প্রতিটি ভোটকেন্দ্রে একজন করে পোলিং প্রতিনিধি পাওয়া যাবে। এতে নাসিরের সুবিধা হবে বলে তাঁদের ধারণা।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কোথাও মোস্তফা কামালের পোস্টার ও মাইকিং প্রচারণা চোখে পড়েনি।
মোস্তফা কামাল গতকাল সকালে মুঠোফোনে বলেন, ‘এখনো শুরু করিনি, তবে করব।’ নাসির উদ্দিন আহমদ মুঠোফোনে বলেন, ‘আমাকে সহযোগিতা করতেই কামাল (মোস্তফা কামাল) প্রার্থী হয়েছে।’