বাগেরহাটে চাচাকে হত্যার দায়ে এক ব্যক্তির ফাঁসি এবং নিহত ব্যক্তির দুই ছেলে ও আরেক ভাতিজাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া তিনজনের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম সোলায়মান গতকাল রোববার দুপুরে এই রায় ঘোষণা করেন। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন শরণখোলা উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের মোহমঞ্চদ আলীর ছেলে খলিলুর রহমান (৪৫) ও মো. সেলিম (৪০) এবং নিহত আবদুল লতিফ হাওলাদারের দুই ছেলে শাহ আলম হাওলাদার (৩৫) ও মো. জিরুল হাওলাদার (৩০)। তাঁদের মধ্যে খলিলকে ফাঁসির আদেশ দেওয়া হয়। রায় ঘোষণার সময় খলিল ছাড়া অন্যরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার নথি থেকে জানা গেছে, খেজুরবাড়িয়া গ্রামের আবদুল লতিফ হাওলাদার ২০০৩ সালের ৭ মে ফজরের নামাজ পড়তে বের হয়ে নিখোঁজ হন। ওই দিন সকালে বাড়ি থেকে আড়াই কিলোমিটার দূরের একটি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। কুপিয়ে হত্যার পর তাঁর লাশ সেখানে ফেলে রাখা হয়। পরদিন লতিফের ছেলে হাওলাদার কামরুল ইসলাম ইউনুস অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে শরণখোলা থানায় হত্যা মামলা করেন।