চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় স্কুলছাত্র ফিরোজ আলী খুনের ঘটনায় গ্রেপ্তার করা হৃদয় আলীকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রামের পঞ্চম মহানগর হাকিম নাজমুল হাসান এ আদেশ দেন। হৃদয়ের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। হৃদয় নিহত ফিরোজের চাচাতো ভাই।
নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সন্তোষ কুমার চাকমা প্রথম আলোকে বলেন, ফিরোজ আলী খুনের ঘটনায় মঙ্গলবার (আজ) থেকে হৃদয়কে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে। যদি প্রয়োজন হয় তাহলে আবারও আদালতের কাছে রিমান্ড চেয়ে আবেদন করা হবে।
গত রোববার বিকেলে সাগরিকা এলাকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পেছনের কাট্টলী খাল থেকে ফিরোজ আলীর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের চার দিন আগে থেকে সে নিখোঁজ ছিল। ফিরোজ সাগরিকা এলাকার পিএইচ আমিন একাডেমির অষ্টম শ্রেণিতে পড়ত।