চাচাতো ভাইকে লক্ষ্য করে সাংসদের গুলি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সাংসদ মোশতাক আহমেদ আজ রোববার বিকেলে তাঁর চাচাতো ভাই মোস্তাফিজুর রহমানকে লক্ষ্য করে নিজ রিভলবার থেকে গুলি ছুড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মোস্তাফিজুর বলেছেন, সাংসদের ছোড়া গুলিটি তাঁর গায়ে লাগেনি। লক্ষ্যভ্রষ্ট হয়ে ঘরের দেওয়ালে লেগেছে।

তবে সাংসদ এ অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ বলেছে, তাঁরাও তদন্ত করে গুলি ছোড়ার কোনো আলামত পাননি।

এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলমাকান্দার ছত্রংপুর গ্রামে মোশতাক আহমেদ ও মোস্তাফিজুর রহমানের বাড়ি পাশাপাশি। আজ বিকেলে মোস্তাফিজুরের বাকপ্রতিবন্ধী ছোটভাই সুমন (৩০) নিজ বাড়ির ড্রেন পরিস্কার করতে যান। এ সময় সাংসদ মোশতাক এসে সুমনকে মারপিট করেন। সাংসদের অভিযোগ, সুমনের ড্রেনের পানি উপচে তাঁর বাড়ির আঙিনা অপরিচ্ছন্ন হয়েছে। সুমনকে মারধর করায় মোস্তাফিজুর সাংসদের কাছে এর কারণ জানতে চান। এ সময় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

মোস্তাফিজুর রহমান প্রথম আলো ডটকমের কাছে অভিযোগ করে বলেন, ‘বোবা ছোট ভাইকে কেন মেরেছে এ বিষয়ে জানতে চাইলে উত্তেজিত হয়ে সাংসদ আমাকে লক্ষ্য করে একটি গুলি ছোড়েন। আমি কৌশলে আত্মরক্ষা করি। ভয়ে আমরা বাড়িতে অবরুদ্ধ হয়ে আছি। বিষয়টি থানা পুলিশকে অবহিত করেছি।’
এ ব্যাপারে মোশতাক আহমেদ বলেন, ‘মোস্তাফিজুর এলাকাবাসী ও দলীয় নেতা-কর্মীদের কাছ থেকে বিভিন্ন প্রকল্পের ঠিকাদারি ও তদবিরের কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এ বিষয়ে অন্যরা অভিযোগ করলে তাকে শাসন করেছি। তাঁকে ১৫ দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা বলেছি। টাকা যাতে না দিতে হয় এজন্য গুলির বিষয়টি তোলা হচ্ছে। গুলির কোনো ঘটনা ঘটেনি।’

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, ‘মোস্তাফিজুরের বিরুদ্ধে অভিযোগ আছে, তিনি সাংসদের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গা থেকে টাকা-পয়সা নিয়েছেন। এছাড়াও বাড়ির ড্রেন নিয়ে তাঁদের মধ্যে ঝামেলা হয়েছে। এ নিয়ে কথা কাটাকাটি হয়েছে। আমরা তদন্ত করে দেখেছি গুলির ছোড়ার কোনো ঘটনা ঘটেনি।’