চাচাতো ভাইকে হত্যা: তিনজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে চাচাতো ভাইকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ মাহবুবুল আলম এই দণ্ডাদেশ দেন।

একই মামলায় পাঁচজনকে এক বছর করে সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানার দণ্ড দিয়েছেন আদালত।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন: জেলার সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ডিকশো মোল্লাপাড়া গ্রামের মকছেদুল ইসলাম (৩৫), মকছেদুলের ছোট ভাই মোস্তাকিন (৩৩) ও চাচাতো ভাই এমদাদুল হক (৫৩)। এক বছরের সাজাপ্রাপ্ত আসামিরা হলেন মকছেদুলের বাবা মোজাহারুল ইসলাম (৬৮), মকছেদুলের মা নেছাবী বেগম (৬৩), মকছেদুলের স্ত্রী অবিতন (৩১), মোস্তাকিনের স্ত্রী লিপি (৩০) ও মকছেদুলের ছোট ভাই মহসীন আলীর স্ত্রী নমনী (২৫)।
আসামিদের মধ্যে মোস্তাকিন, তার স্ত্রী লিপি এবং মকছেদুলের স্ত্রী অবিতন পলাতক।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১৫ সেপ্টেম্বর জ্বালানি খড়ি নিয়ে ঠাট্টা-মশকরার একপর্যায়ে সৃষ্ট সংঘর্ষে মোল্লাপাড়া গ্রামের বদিউজ্জামান আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহত বদিউজ্জামানের ছোট ভাই সাইফুল ইসলাম আটজনকে আসামি করে সৈয়দপুর থানায় একটি হত্যা মামলা করেন।