চাচাতো ভাইদের হাতে খুন হয়েছেন মুদি ব্যবসায়ী নাসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশীপুর ইউনিয়নের মুদি ব্যবসায়ী নাসির উদ্দিন মোল্লা খুন হয়েছেন। তাঁকে জবাই করে হত্যার কথা স্বীকার করেছেন তাঁর পাঁচ চাচাতো ভাই। নিখোঁজ হওয়ার নয় দিন পর গত শনিবার রাতে একটি সেপটিক ট্যাংকের ভেতর থেকে নাসিরের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিন রাতেই তাঁর চাচাতো ভাই হোসেন মোল্লা, ইমাম হোসেন, আল আমিন, আয়নাল হক ও রোমান হোসেনকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার তাঁরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক আবদুল কুদ্দুস জবানবন্দি নেন।ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, নাসিরের ছেলে নূরে আলম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।