চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে মজিদ মিয়া নামে এক যুবককে হত্যার দায়ে তাঁর চাচাতো ভাইকে মৃত্যুদণ্ড, চারজনকে যাবজ্জীবন ও একজনের সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম আবুল কাশেম এ রায় দেন। এ ছাড়া আদালত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড এবং ওই নারীকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বান্টি গ্রামের ফারুক মিয়া (৩০)। যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন ফারুকের ছোট ভাই বাকির উদ্দিন (২৬), নরসিংদী সদর উপজেলার জোয়ারিয়াকান্দা গ্রামের মো. আশ্রাবুদ্দিন, একই গ্রামের মোশারফ হোসেন ও ক্ষিদিরকান্দী গ্রামের মো. গাফ্ফার মিয়া। ৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন জোয়ারিয়াকান্দা গ্রামের রহিমা আক্তার। তাঁদের মধ্যে মোশারফ হোসেন পলাতক।আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৩ নভেম্বর আড়াইহাজারের বান্টি গ্রামের আবদুল করিমের ছেলে আবদুল মজিদ মিয়াকে (১৮) চাচাতো ভাই ফারুক মিয়া ও বাকির উদ্দিন বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর মজিদ মিয়াকে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পরিবারের পক্ষ থেকে আড়াইহাজার থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়।চার দিন পর ২৭ নভেম্বর নরসিংদীর বলভদ্রি গ্রামের একটি আখখেতে মজিদের লাশ পাওয়া যায়। পরবর্তী সময়ে জিডিটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ। তদন্ত শেষে পুলিশ এ হত্যাকাণ্ডের সঙ্গে মজিদের চাচাতো ভাই ফারুক ও বাকিরসহ অন্য আসামিদের সংশ্লিষ্টতার প্রমাণ পায়।মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সরকারি কৌঁসুলি রুহুল আমিন ও সহকারী কৌঁসুলি এম এ এম অলিউল্লাহ। আসামি পক্ষের আইনজীবী ছিলেন এম এ হান্নান, মোজাম্মেল হক ও এম এ বাছেদ।মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করে নিহত ব্যক্তির বাবা আবদুল করিম বলেন, ‘সম্পত্তির লোভে তারা আমাকে ছেলেহারা করেছে। আশা করি এই রায় উচ্চ আদালতেও বহাল থাকবে।’