চাচার ঘর খুঁড়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, গ্রেপ্তার ২
নিখোঁজের তিন দিন পর নওগাঁর মান্দা উপজেলার চকমানিক গ্রামের কোরবান আলী নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় কোরবানের চাচা গোলাম মোস্তফার শয়নকক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই রাতেই মোস্তফা ও তাঁর স্ত্রী লতিফুল বিবিকে গ্রেপ্তার করা হয়।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, কোরবান (৬) শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হয়। পরদিন সকালে বাড়ির আঙিনায় একটি চিরকুট পাওয়া যায়। এতে কোরবানের মুক্তির জন্য এক লাখ টাকা চাওয়া হয়। এ ঘটনায় মান্দা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।সোমবার সকালে মোস্তফা ও লতিফুল তাঁদের ঘরে তালা লাগিয়ে গাঢাকা দেন। এতে সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোস্তফার শয়নকক্ষের তালা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। ওই কক্ষের মেঝের মাটি খুঁড়ে কোরবানের লাশ উদ্ধার করা হয়।মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল প্রথম আলোকে গতকাল মঙ্গলবার জানান, পারিবারিক বিরোধের জের ধরে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে। দুই আসামি মোস্তফা ও লতিফুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।