চাচার লাথিতে ভাতিজার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়ায় জমিজমা-সংক্রান্ত বিরোধ নিরসনের ঘরোয়া বৈঠকে চাচার লাথির আঘাতে ভাতিজার মৃত্যু হয়েছে। গত রোববার রাত আটটায় রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং উত্তরপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। গতকাল সোমবার দুপুরে উখিয়া থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠিয়েছে। থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার রত্নাপালং ইউনিয়নের উত্তর ভালুকিয়া গ্রামের মৃত লোকপাল বড়ুয়ার দুই ছেলে সঞ্জীব বড়ুয়া ও বিদ্যুৎ বড়ুয়ার মধ্যে বেশ কিছুদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধ নিরসনের লক্ষ্যে গত রোববার রাত আটটায় তাঁদের চাচা মিলন বড়ুয়ার বাড়িতে ঘরোয়া সমঝোতা বৈঠকে মিলিত হন। মৃত সঞ্জীব বড়ুয়ার শ্বশুর বাবুল বড়ূয়া জানান, বৈঠকে দুই ভাইয়ের মধ্যে প্রচণ্ড বাগিবতণ্ডার একপর্যায়ে উত্তেজিত চাচা মিলন বড়ুয়া হঠাৎ ভাতিজা সঞ্জীব বড়ুয়ার তলপেট লক্ষ্য করে সজোরে লাথি মারেন। এতে সনজিত মাটিতে ঢলে পড়েন এবং কিছুক্ষণ পর তিনি মারা যান। রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী ও ইউপি সদস্যা এবং নিহত সঞ্জীব বড়ুয়ার নিকটাত্মীয় পুতুল রানী বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মূলত পারিবারিক বৈঠকে দুই ভাইয়ের ঝগড়াঝাটির একপর্যায়ে চাচার লাথির আঘাতে তাঁর মৃত্যু হয়।