চাচাসহ পাঁচজনের মৃত্যুদণ্ডাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোসতাসীম বিল্লাহ
মোসতাসীম বিল্লাহ

জামালপুর পৌর শহরের স্কুলছাত্র মোসতাসীম বিল্লাহ (৭) হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুর ১২টার সময় জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামান শিকদার এ রায় ঘোষণা করেন।
শহরের আমলাপাড়া এলাকার মো. লুৎফর রহমানের ছেলে মোসতাসীম। সে শহরের কিশলয় আদর্শ শিশু বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন: ওই শিশুর চাচা জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার দড়িহামিদপুর গ্রামের মো. লোকমান আলী (৫৭) ও তার ছেলে তোফায়েল ইসলাম ওরফে হীরা (৩৫), হীরার বন্ধু নান্দিনা খরখরিয়া গ্রামের সোহেল রানা ওরফে শিপন (৩৬), মো. আনোয়ার হোসেন (৩৭) ও তাঁর বাবা আইনুল হক (৬০)। মৃতুদণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেনের ছোট ভাই ফারুক আহমেদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে খালাস দেওয়া হয়েছে।
এদের মধ্যে তোফায়েল ইসলাম ওরফে হীরা, তাঁর বন্ধু সোহেল রানা ও আনোয়ার হোসেন পলাতক রয়েছেন। গতকাল তাঁদের অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করা হয়। রায়ের পর বাকি দুজনকে কারাগারে পাঠানো হয়।
রায়ে সন্তোষ প্রকাশ করে নিহত শিশুটির বাবা লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, ‘পলাতক আসামিদের ধরে দ্রুত রায় কার্যকর করা হোক। কেউ যেন এ ধরনের অপরাধ করার সাহস না পায়।’
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, মো. লোকমান আলী তাঁর ছেলে তোফায়েল ইসলামকে বিদেশে পাঠানোর জন্য মোসতাসীমের বাবা লুৎফর রহমানের কাছে চার লাখ টাকা চান। কিন্তু লুৎফর রহমান সেই টাকা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাঁদের দুজনের মধ্যে বিরোধ শুরু হয়।
এর জের ধরে মো. লোকমান আলীর নির্দেশে তাঁর ছেলে তোফায়েল ইসলাম ২০০১ সালের ৩১ মে রাত আটটার দিকে শহরের আমলাপাড়ার বাসা থেকে মোসতাসীমকে জুস খাওয়ানোর কথা বলে তাঁর মা রাবেয়া বেগমের কাছ থেকে ডেকে নিয়ে যান।
তোফায়েল তাঁর দুই বন্ধু সোহেল রানা ও আনোয়ার হোসেনকে সঙ্গে নিয়ে ওই শিশুটিকে একটি মোটরসাইকেলযোগে জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় নিয়ে যান। পরে আনোয়ার হোসেনের বাবা আইনুল হকের সহযোগিতায় নান্দিনা এলাকার খরখরিয়া গ্রামে তাঁর নিজের বাড়িতে ওই শিশুটিকে নিয়ে যান।
ওই বাড়িতে দণ্ডপ্রাপ্তরা মিলে শিশুটির মুখে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে লাশটি একটি কাপড়ের ব্যাগে ভরে তাঁদের একটি নির্মাণাধীন ঘরের কক্ষের মেঝের মধ্যে গর্ত করে পুঁতে রাখেন।
এ ঘটনায় নিহত মোসতাসীমের খালু মো. আশরাফ হোসেন বাদী হয়ে ঘটনার পরদিন (২০০১ সালের ১ জুন) জামালপুর সদর থানায় মামলা করেন। এর ৮০ দিন (২০ আগস্ট) পর পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই শিশুর চাচাতো ভাই তোফায়েল ইসলামের বন্ধু সোহেল রানাকে গ্রেপ্তার করে। পুলিশের কাছে সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দির পরিপ্রেক্ষিতে আনোয়ার হোসেনের ঘরের মেঝে খুঁড়ে শিশুটির লাশ উদ্ধার করা হয়। পুলিশ তদন্ত শেষে ২০০১ সালের সেপ্টেম্বরে ওই আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি মো. আবুল কাশেম। আসামিপক্ষের মামলা পরিচালনা করেন এস এম রফিকুল আলম। আসামিদের পক্ষ থেকে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানানো হয়েছে।