চাচি-ভাতিজির ভোটযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব পৌরসভা নির্বাচনে সংরক্ষিত আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে একই পরিবারের চাচি-ভাতিজি মনোনয়নপত্র দাখিল করেছেন। গত বৃহস্পতিবার বিকেলে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে তাঁরা মনোনয়নপত্র জমা দেন।
ওই নারী প্রার্থীরা হলেন মরিয়ম ইসলাম (৪০) ও ছালমা আক্তার (২২)। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, মরিয়ম ইসলাম মতলব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলামের স্ত্রী। আর ছালমা আক্তার নুরুল ইসলামের ভাতিজি ও স্থানীয় মতলব ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। তাঁদের বাড়ি উপজেলার ভাঙারপাড় গ্রামে।
ওই গ্রামের চার-পাঁচজন বাসিন্দা বলেন, সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে ছালমার পরিবারের সঙ্গে তাঁর চাচা নুরুল ইসলামের বিরোধ চলছে। স্থানীয় জনপ্রতিনিধি ও পঞ্চায়েতরা বিষয়টি মীমাংসা করতে পারেননি। বিষয়টি থানা-পুলিশ পর্যন্ত গড়ায়। এরপরও অমীমাংসিত থেকে যায় সবকিছু।
চাচি মরিয়ম ইসলাম বলেন, এলাকার উন্নয়নের লক্ষ্যে নির্বাচনে নেমেছেন। কাউকেই প্রতিপক্ষ ভাবেন না। নুরুল ইসলাম বলেন, এলাকার ভোটাররা তাঁর স্ত্রীকে ভোট দিয়ে মূল্যায়ন করবেন। ছালমা আক্তার বলেন, চাচা নুরুল ইসলামের সঙ্গে তাঁদের পারিবারিক দ্বন্দ্ব রয়েছে। এ জন্য চাচির বিরুদ্ধে ভোটে নেমেছেন। নির্বাচনে তিনিই জয়ী হবেন।