চাচিকে হত্যার দায়ে ভাতিজার মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাদণ্ড দিয়েছেন আদালত
কারাদণ্ড দিয়েছেন আদালত

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার হরিহরপাড়া এলাকায় চাচিকে হত্যার দায়ে ভাতিজা ফাহিম আহমেদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোসাম্মৎ কামরুন নাহার এ রায় দেন।

মামলার বিবরণীতে জানা যায়, ফতুল্লার হরিহরপাড়া এলাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফাহিম আহমেদ ওরফে ছাব্বির তাঁর বান্ধবীর সঙ্গে দেখা করার জন্য দুই সহপাঠীর কাছে টাকা ধার নেন। বন্ধুরা ধার নেওয়া টাকা ফেরত চাইলে ফাহিম তাঁর চাচি সাহেদা বেগমের কাছে পাঁচ হাজার টাকা চান। চাচি টাকা ধারের কারণ জানার পর বিষয়টি তাঁর মাকে বলে দেবেন বলে হুমকি দেন। এ কারণে ফাহিম তাঁর চাচিকে হত্যার পরিকল্পনা করেন। পরে ২০১৫ সালের ২৯ জানুয়ারি রাত আটটার দিকে ফাহিম বাসায় ঢুকে চাচি সাহেদাকে চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করেন। কয়েক দিন পর সাহেদার মৃত্যু হয়। মৃত্যুর আগে সাহেদা তাঁর স্বামী, ছেলেমেয়ের কাছে সব ঘটনা খুলে বলে যান। এ ব্যাপারে সাহেদার স্বামী কবির হোসেন মামলা করেন। পুলিশ ফাহিমকে গ্রেপ্তার করলে তিনি হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি জেসমিন আহমেদ বলেন, ১০ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। আদালত সাক্ষ্য-প্রমাণ ও আসামির জবানবন্দি পর্যালোচনা করে মৃত্যুদণ্ড দেন।