চাঞ্চল্যকর কয়েকটি মামলা নজরদারি করবে মহিলা মন্ত্রণালয়

নারী ও শিশু নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপনের জন্য চাঞ্চল্যকর কিছু মামলা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নজরদারিতে আনবে। ওই মামলাগুলোর বিচার কাজের সঙ্গে জড়িত সরকারের বিভিন্ন সংস্থাকে প্রতি তিন মাস পর পর তলব করে মামলার অগ্রগতি জানাতে বলা হবে। প্রয়োজনে যেকোনো সময় বিভিন্ন এজেন্সিকে ডাকা হবে।
আজ বৃহস্পতিবার এক আন্তমন্ত্রণালয় বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এ কথা জানান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
রাজধানীর শিশু একাডেমীর মিলনায়তনে নির্যাতনের শিকার নারী ও শিশুর বিচার নিশ্চিতকরণে করণীয় বিষয়ক এ বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, দেশে এখনো প্রতিনিয়ত পাশবিকভাবে নারী ও শিশু নির্যাতনের শিকার হচ্ছে। গণমাধ্যমে ঘটনাগুলো আসার ফলে সামাজিক আন্দোলন হয়। কিন্তু কিছুদিন পরই মানুষ এই নির্যাতনের কথা ভুলে যায়। অপরাধীরা বিভিন্ন কৌশলে ছাড়া পেয়ে যায়।
সভায় মহিলা প্রতিমন্ত্রী সিলেটের রাজন হত্যা ও যৌতুকের কারণে স্বামী ও স্বজনেরা মিলে সাভারের গৃহবধূ সুখীর চোখ উপড়ে ফেলার পর যে মামলা করা হয় সে মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চান। পুলিশ সদর দপ্তরের এআইজি রেবেকা বেগম জানান, রাজন হত্যা মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৮ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মূল আসামি কামরুলকে সৌদি আরবে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে দেশে আনার পর অভিযোগপত্র দেওয়া হবে। আর সুখী বেগমের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি অপরাধ স্বীকার করেছেন। দুই এক দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, সিআইডি, র্যাব, আইন ও বিচার বিভাগ, জাতীয় আইনগত সহায়তা সংস্থা, ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি, ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার, ভিকটিম সাপোর্ট সেন্টার, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, আইন ও সালিস কেন্দ্র, বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং পাবলিক প্রসিকিউটর ও অ্যাটর্নি জেনারেলের অফিসের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় মেহের আফরোজ চুমকি বলেন, অপরাধী যত ক্ষমতাধর হোক আর যে দলের সদস্যই হোক না কেনো, কাউকেই রেহাই দেওয়া হবে না।
সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টি সেক্টরাল প্রোগ্রামের প্রকল্প পরিচালক আবুল হোসেন বলেন, ২০০১ সালের আগস্ট থেকে গত জুন পর্যন্ত ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ২৩ হাজার ৩৪ জন নির্যাতনের শিকার নারী ও শিশু সেবা নিয়েছে। এর মধ্যে মামলা হয়েছে ৫ হাজার ১৪৯ টি। বিচারের রায় হয়েছে মাত্র ৮৮৪টি মামলার। এর মধ্যে শাস্তি কার্যকর হয়েছে ১০৯ জনের।
আবুল হোসেন বলেন, মামলা করার পরে নির্যাতনের শিকার ব্যক্তি ও তার পরিবারের নিরাপত্তা, উপযুক্ত সাক্ষীর অভাব, সন্তান থাকলে তার ভবিষ্যৎ চিন্তা করে অনেকে মামলা করতে আগ্রহী হয় না। মামলার দীর্ঘসূত্রতা ও পারিবারিক মর্যাদাহানির কথা চিন্তা করেও অনেকে মামলা করতে চায় না।