চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন গ্রেপ্তার হওয়া আট ব্যক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় র‌্যাব পরিচয়ে ডাকাতি শেষে ফেরার পথে গত সোমবার রাতে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া আট ব্যক্তি জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। পুলিশ বলেছে, ওই আটজনের মধ্যে রয়েছেন চাকরিচ্যুত সেনা কর্মকর্তা, সেনাসদস্য ও বিডিআর (বর্তমানে বিজিবি) সদস্য।পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া সাইমুম হাসান সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর। মনিরুল ইসলাম (রিপন) ও সাজ্জাদ হোসেন চাকরিচ্যুত সেনাসদস্য। আর আলম প্রধান বিডিআরের চাকরিচ্যুত সদস্য। বাকিরা তাঁদের সহযোগী। গত দুই মাসে তাঁরা টাঙ্গাইল ও নারায়ণগঞ্জ থেকে ১২ লাখ টাকা লুট করেছেন। কুমিল্লার দাউদকান্দিতে একজন ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি করে চলে যাওয়ার সময় তাঁদের ধরিয়ে দেওয়া আগুনে মারা যান বাড়ির তত্ত্বাবধায়ক। রিমান্ডে তাঁরা এসব কথা স্বীকার করেছেন।পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের গত মঙ্গলবার আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার পর মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন, র‌্যাবের পোশাক পরে তাঁরা গত ২৯ জানুয়ারি নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে একজন ব্যবসায়ীর পাঁচ লাখ টাকা ছিনতাই করেন। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা হয়েছে (মামলা নম্বর-৪৭)। গত ২৪ ডিসেম্বর তাঁরা র‌্যাবের পোশাক পরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ব্যবসায়ী শাহজাহান মিয়ার বাড়িতে ঢুকে তাঁকে খোঁজাখুঁজি করেন। বাড়ির তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) রুবী আক্তার তাঁদের জানিয়ে দেন, শাজাহান বাড়িতে নেই। এ সময় তাঁরা ওই বাড়িতে লুটপাট করেন। চলে যাওয়ার সময় বাড়িতে আগুন ধরিয়ে দেন। বাড়িতে কেউ না থাকায় রুবী আক্তার আগুনে পুড়ে মারা যান। এ ঘটনায় দাউদকান্দি থানায় মামলা হয়েছে (মামলা নম্বর ২৪)।১৯ ফেব্রুয়ারি র‌্যাবের পোশাক পরে তাঁরা টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার চাষাভাদ্রা এলাকা থেকে ব্যবসায়ী মাহমুদুল হাসানের সাত লাখ টাকা ছিনতাই করেন। এ ঘটনায় নাগরপুর থানায় মামলা হয়েছে (মামলা নম্বর ১৩)। গ্রেপ্তারের খবর পেয়ে ব্যবসায়ী মাহমুদুল গতকাল মানিকগঞ্জে এসে তাঁদের ছিনতাইকারী হিসেবে শনাক্ত করেন।সর্বশেষ গত সোমবার রাতে দৌলতপুর সদরে চিত্তরঞ্জন কর্মকারের বাড়ি থেকে তাঁরা ৭১ ভরি স্বর্ণ, ১০০ ভরি রুপা ও নগদ সাড়ে চার হাজার টাকা লুট করে মাইক্রোবাসযোগে পালাচ্ছিলেন। তবে পালাতে পারেননি। মানিকগঞ্জের ঘিওর থানা পুলিশের হাতে ধরা পড়েন তাঁরা। জিজ্ঞাসাবাদে মনিরুল ইসলাম জানিয়েছেন, গত বছরের ফেব্রুয়ারি মাসে ঢাকা মহানগরের খিলক্ষেত থানায় একটি ডাকাতির মামলায় গ্রেপ্তার হয়ে তিনি হাজতে ছিলেন। জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েন। মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়া বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরেই র‌্যাব পরিচয়ে ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিলেন। ডাকাতি করে ফেরার পথে কখনো পুলিশের মুখোমুখি হলে চাকরিচ্যুত মেজর সাইমুম হাসান নিজেকে র‌্যাবের মেজর পরিচয় দিয়ে ভুয়া পরিচয়পত্র দেখিয়ে ছাড়া পেয়েছেন বলে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন। পুলিশ সুপার আরও জানান, দুই দিনের জিজ্ঞাসাবাদে তাঁরা যেসব তথ্য দিয়েছেন, গত কয়েক বছরে এর চেয়েও অনেক বেশি অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করেছেন তাঁরা। তাঁদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়ার পর গণমাধ্যমকে জানানো হবে।