চাঞ্চল্যকর তিনটি হত্যা মামলার অভিযোগপত্র দেয়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত দুই বছরে আলোচিত ও চাঞ্চল্যকর তিনটি হত্যাকাণ্ড হলেও এখন পর্যন্ত একটি মামলারও অভিযোগপত্র দাখিল করতে পারেনি পুলিশ। মামলাগুলো হলো ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন ও নাসরুল্লাহ নাসিম এবং ইসলামী ছাত্রশিবিরের নেতা শরীফুজ্জামান নোমানী হত্যা মামলা।ফারুক হত্যা মামলার তদন্তে গাফিলতির কারণে সম্প্রতি তিন পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তদন্ত কর্মকর্তারা দাবি করেছেন, তিনটি মামলাই বেশ জটিল। তাই সময় লাগছে। তদন্ত শেষ করেই প্রতিবেদন দেওয়া হবে।ফারুক: গত বছরের ৮ ফেব্রুয়ারি রাতে ছাত্রলীগের কর্মী ও গণিত বিভাগের শিক্ষার্থী ফারুক হোসেন নির্মমভাবে খুন হন। আহত হন পুলিশসহ ছাত্রলীগের অর্ধশত নেতা-কর্মী। এ ঘটনায় ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম বাদী হয়ে ছাত্রশিবিরের ৩৫ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করে মতিহার থানায় হত্যা মামলা করেন। এ ঘটনায় মোট ১৪টি মামলা করা হয়। মামলা তদন্তে এ পর্যন্ত তিনবার তদন্ত কর্মকর্তাও বদল হয়। পেরিয়ে গেছে ১৪ মাস। কিন্তু এখনো অভিযোগপত্র দাখিল করতে পারেনি পুলিশ। নিহত ফারুকের মা হাসনা বেগম প্রথম আলোকে বলেন, ‘ফারুক হত্যার এক বছর পার হলেও এখনো বিচার শুরু হয়নি। বিষয়টি খুবই দুঃখজনক।’নাসরুল্লাহ: গত বছরের ১৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম (এসএম) হলে বিশেষ খাবারের টোকেন বিতরণ নিয়ে ছাত্রলীগের কর্মী ও ইতিহাস বিআগের শিক্ষার্থী নাসরুল্লাহ নাসিমকে মারধর করে হলের দোতলা থেকে নিচে ফেলে দেওয়া হয়। নয় দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৩ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান নাসিম। এ ঘটনার পরের দিন এসএম হলের আবাসিক শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী আজম আলী বাদী হয়ে ছাত্রলীগের নয়জন কর্মীকে আসামি করে মতিহার থানায় হত্যা মামলা করেন। এই মামলায়ও পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিতে পারেনি।নিহত নাসিমের বাবা মোসলেম উদ্দিন জানান, মামলা তুলে নিতে আসামিরা বাদী ও আমাদের নানাভাবে হুমকি দিচ্ছে। আদৌ বিচার হবে কি না, তা নিয়ে সংশয়ে আছি। শরীফুজ্জামান নোমানী: ২০০৯ সালের ১৩ মার্চ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ছাত্রশিবির ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে নিহত হন ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শরীফুজ্জামান নোমানী। এ হত্যাকাণ্ডের পরের দিন ছাত্রশিবিরের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ফরহাদ আলম বাদী হয়ে ২৭ জন ছাত্রলীগ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মতিহার থানায় মামলা করেন। দুই বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এ হত্যা মামলারও অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ। নোমানীর বাবা হাবিবুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘নোমানী হত্যাকাণ্ডের সঠিক বিচার হলে পরে বাকি হত্যাকাণ্ডগুলো হয়তো হতো না।’তদন্তে গাফিলতির অভিযোগ: ফারুক হত্যা মামলার তদন্তে গাফিলতির কারণে গত ৮ ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তর থেকে তিন পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাঁরা হলেন পুলিশের তৎকালীন উপকমিশনার (রাজশাহী-পূর্ব) প্রলয় কান্তি সরকার, সহকারী পুলিশ কমিশনার এম শাখাওয়াত হোসেন এবং মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা ও মতিহার থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা। তদন্ত কর্মকর্তারা বলেন: ফারুক হত্যা মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা ও রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক তোফাজ্জল হোসেন খান জানান, এ মামলার ৩৫ জন এজাহারভুক্ত আসামির পরিচয় মিলেছে। খুব দ্রুত এ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে। শরিফুজ্জামান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এস আই সোহেল রানা বলেন, তদন্ত শেষে দ্রুত অভিযোগপত্র দাখিল করা হবে। নাসরুল্লাহ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, মামলার আসামিপক্ষ, বাদীপক্ষ ও সাক্ষীরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা হওয়ায় তথ্য-প্রমাণ সংগ্রহে কিছুটা বিলম্ব হচ্ছে।