চাঞ্চল্যকর মামলার শীর্ষে, তবু ১৩ বছরেও বিচার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলার চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা চিহ্নিতকরণ এবং দ্রুত নিষ্পত্তির জন্য গঠিত মনিটরিং কমিটির তালিকায় ১ নম্বরে থাকলেও ১৩ বছরেও ঝিনাইদহ সদরের কুটিদুর্গাপুরে পাঁচ খুনের ঘটনার মামলাটির বিচার শেষ হয়নি। এতে হতাশ হয়ে পড়েছেন বিচারপ্রার্থীরা।
২০০৩ সালের ১৬ ফেব্রুয়ারি কুটিদুর্গাপুর গ্রামে চায়ের দোকানে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে গল্প করছিলেন লোকজন। সেখানে সন্ত্রাসীদের গুলিতে খোকন মণ্ডল (৪০), জালাল উদ্দিন (৩৮), ইসলাম আলী (৪৫), সাজিদুর রহমান (৩৮) ও ইসাহক আলী (৩৮) প্রাণ হারান। তাঁদের বাড়ি কুটিদুর্গপুরে।
নিহত ব্যক্তিদের স্বজনেরা জানান, তাঁরা হতদরিদ্র। অর্থের অভাবে মামলার খোঁজ নিতে পারেন না। সে কারণে বিচার পাচ্ছেন না, আশা হারিয়ে ফেলেছেন।
ঝিনাইদহ আদালতের সরকারি কৌঁসুলি ইসমাইল হোসেন বলেন, ‘সাক্ষীরা ঠিকমতো না আসায় বিচারে বিলম্ব হচ্ছে। মামলাটি শেষ পর্যায়ে। চেষ্টা করছি দ্রুত শেষ করার।’
মামলার বাদী লিয়াকত আলী বলেন, খুনের পরদিন ১৭ ফেব্রুয়ারি ঝিনাইদহ সদর থানায় তিনি মামলা করেন। এতে গান্না ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল ওহাবসহ ৩১ জনকে আসামি করেন। পুলিশ তদন্ত শেষে ২০০৪ সালে অভিযোগপত্র দেয়। এতে এজাহারের কয়েকজনকে বাদ দিয়ে নতুন কয়েকজনের নাম যুক্ত করা হয়। এর মধ্যে দক্ষিণাঞ্চলের চরমপন্থী নেতা আবদুর রশিদ ওরফে দাদা তপন ও তাঁর ছোট ভাই আকাশ ছিলেন। তাঁরা পরে ‘ক্রসফায়ারে’ মারা যান।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশ ২৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়। এর মধ্যে ৫ জন আসামি মারা গেছেন। ১৩ জন পলাতক। ২৪ জন সাক্ষীর মধ্যে ১৫ জন সাক্ষ্য দিয়েছেন। ২৪ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা রয়েছে। এ পর্যন্ত আদালতে ১৩৬ বার মামলার দিন পড়েছে।
গত ২৭ জানুয়ারি জেলার চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা চিহ্নিতকরণ, পর্যালোচনা এবং মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য গঠিত মনিটরিং কমিটির সভা হয়। এতে জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার সভাপতিত্ব করেন। সভায় বলা হয়, ‘ইতিপূর্বে একাধিক সভায় পলাতক আসামিদের বিরুদ্ধে ক্রোকি পরোয়ানা জারি করার ব্যবস্থা নেওয়ার জন্য সরকারি কৌঁসুলিকে অনুরোধ করা হয়।’ তা না হওয়ায় সভায় অসন্তোষ প্রকাশ করা হয়।
নিহত খোকন মণ্ডলের স্ত্রী হাসিনা খাতুন বলেন, দুই ছেলে দুই মেয়ে রেখে তার ভ্যানচালক স্বামী মারা যান। ছেলেরা এখন পরের খেতে কামলা দিচ্ছে। তাঁরা মনে করছেন এ হত্যার বিচার পাবেন না।