চাটখিল উপজেলা ভাইস চেয়ারম্যান সন্ত্রাসী হামলার শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের পোদ্দার বাজারে সন্ত্রাসী হামলার শিকার নোয়াখালীর চাটখিল উপজেলা ভাইস চেয়ারম্যানকে গতকাল শুক্রবার ভোরে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ওই বাজারে ওয়াজ মাহফিল শেষে ফেরার পথে দুই সহযোগীসহ সন্ত্রাসী হামলার শিকার হন তিনি।
উপজেলা সদরের ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন ভাইস চেয়ারম্যান মাইন উদ্দিন হাসান (৪০) মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সন্ত্রাসীরা তাঁকে এবং তাঁর সফরসঙ্গী নবীর উদ্দিন (৩২) ও হাফেজ মনছুর (৬৫) এবং মাইক্রোবাসের চালক খোকনকে মারধর করে। একপর্যায়ে গুলি করতে উদ্যত হয়। এমন সময় পোদ্দার বাজার এলাকা থেকে একদল লোককে ঘটনাস্থলের দিকে আসতে দেখে সন্ত্রাসীরা তাঁদের দিকে এগিয়ে যায়। এই সুযোগে তাঁরা যে যার মতো করে পালিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি পার্শ্ববর্তী একটি বড় বাগানে ঢুকে পড়েন। রাতের বাকি অংশ তিনি ওই বাগানে আহত অবস্থায় পড়ে থাকেন। ভোর রাত পাঁচটার দিকে স্থানীয় এক ব্যক্তি তাঁকে দেখে উদ্ধার করে চাটখিল উপজেলা সদরে পাঠিয়ে দেন। এরপর তিনি হাসপাতালে ভর্তি হন।