চাটখিল থানার এসআই মান্নান গ্রেপ্তার, হত্যা মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাতির মামলায় নোয়াখালীর চাটখিল থানায় রিমান্ডে থাকা রবিউল হাসান ওরফে খোকন (৩০) নামের এক আসামির মৃত্যুর ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নানকে গ্রেপ্তার করেছে সোনাইমুড়ী থানার পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে নিহত খোকনের মা রৌশনারা আক্তারের করা হত্যা মামলায় মান্নানকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই সময় খোকনের লাশের সঙ্গে ঢাকা থেকে চাটখিল ফিরছিলেন।পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশিদ হাযারী প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে আঘাতজনিত কারণে খোকনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ায় এসআই মান্নানের বিরুদ্ধে হত্যা মামলা নেওয়া হয় এবং তাঁকে গ্রেপ্তার করা হয়। রাত আটটার সময় তাঁকে সোনাইমুড়ী থানা থেকে নোয়াখালী সদর থানায় সোপর্দ করা হয়েছে।চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ঢাকা মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে গতকাল সন্ধ্যায় খোকনের লাশ উপজেলার খিলাপাড়া ইউনিয়নের খিলাপাড়া (মজ্জতপাড়া) গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। রাতেই পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন হওয়ার কথা।পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, খোকনের মৃত্যুর ঘটনায় জেলা পুলিশ সুপারের নির্দেশে গঠিত তদন্ত কমিটি গতকাল নির্ধারিত সময়ে (২৪ ঘণ্টা) তদন্ত শেষ করেছে। রাতের মধ্যে কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রাজ্জাকের প্রতিবেদন জমা দেওয়ার কথা।খিলাপাড়া (মজ্জতপাড়া) গ্রামের মো. শাহজাহানের ছেলে খোকন সিদ্ধিরগঞ্জ থানার একটি অস্ত্র মামলায় গত জানুয়ারি মাস থেকে নারায়ণগঞ্জ কারাগারে আটক ছিলেন। একটি ডাকাতি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আদালতের মাধ্যমে ১০ মে তাঁকে দুই দিনের রিমান্ডে চাটখিল থানায় নেওয়া হয়। প্রথম দিন রাতে থানায় জিজ্ঞাসাবাদ চলাকালে খোকন অসুস্থ হয়ে পড়েন। রাতেই প্রথমে তাঁকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে বুধবার রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল সকাল সাতটায় তিনি মারা যান।