চাটখিল পৌরসভার মেয়র পদে উপনির্বাচন কাল
নোয়াখালীর চাটখিল পৌরসভার মেয়র পদে উপনির্বাচন কাল শনিবার।গত ২৬ এপ্রিল পৌর মেয়র সিরাজুল ইসলামের মৃত্যুতে পদটি শূন্য হয়। নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন দলের জেলা কমিটির ধর্মবিষয়ক সম্পাদক নাছির উদ্দিন ভূঁইয়া। তাঁর প্রতীক কাপ-পিরিচ। দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। অন্যদিকে ১৮-দলীয় জোটের প্রধান দুই শরিক দল বিএনপি ও জামায়াতে ইসলামী নির্বাচনে পৃথক প্রার্থী দিয়েছে। মেয়র পদপ্রার্থী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল দলের সমর্থন পেয়েছেন। তাঁর প্রতীক তালা।নির্বাচনে টেলিভিশন প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন বেলায়েত হোসেন। তাঁকে মোস্তফা কামালের পক্ষে ‘ডামি’ প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছে বলে মনে করছে স্থানীয় লোকজন।আরেক মেয়র পদপ্রার্থী জামায়াতে ইসলামীর উপজেলা আমির মো. সাইফুল্লাহকে দলের পক্ষ থেকে সমর্থন দেওয়া হয়েছে। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন দোয়াত-কলম প্রতীক নিয়ে। নির্বাচনে ভোটারের সংখ্যা ১৯ হাজার ২৯২ জন। রিটার্নিং কর্মকর্তা চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ সাহেল প্রথম আলোকে বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন করা হবে।