নোয়াখালীর চাটখিল পৌর বাজারে গতকাল বুধবার ভোররাতে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে গেছে। এর আগে গত বৃহস্পতিবার চাটখিল পৌর শহরের হালিমা দীঘিরপাড় বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ব্যবসায়ীদের ভাষ্যমতে, ভোররাত সাড়ে চারটার দিকে পৌর বাজারের নিউমার্কেট-সংলগ্ন একটি কাপড়ের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। বাজারের ব্যবসায়ীরা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন।পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে তিনটি কাপড়ের দোকান, একটি চালের আড়ত ও একটি টিনের দোকানের মালামাল পুড়ে যায়।চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাছান আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু দাউদ মো. গোলাম মোস্তফা ও পৌর মেয়র সিরাজুল ইসলাম চৌধুরী সকালে ঘটনাস্থলে যান। তাঁরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।