চাটখিল-রামগঞ্জ মহাসড়ক জুড়ে খানাখন্দ
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন নোয়াখালীর চাটখিল-লক্ষ্মীপুরের রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। ছোট-বড় অসংখ্য গর্ত আর খানাখন্দের কারণে মাত্র ১৫ মিনিটের এ সড়ক পার হতে সময় লাগে প্রায় এক ঘণ্টা। এতে সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, চাটখিলের দশঘড়িয়া বাজারের পর থেকে সড়কের বেশির ভাগ অংশেরই বিটুমিন ও পাথরের কার্পেটিং উঠে গিয়ে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। পাথরগুলো উঠে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে সড়ক দিয়ে চলাচলকারী বাস, ম্যাক্সিসহ অন্যান্য যানবাহন ধীরে চলাচল করছে। ফলে যাতায়াতে স্বাভাবিকের চেয়ে তিন-চারগুণ বেশি সময় লাগছে। জানা গেছে, এ সড়ক দিয়ে প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, চাটখিল, চৌমুহনী ও সোনাপুর রুটে দুই শতাধিক বাস, অর্ধশতাধিক ম্যাক্সি এবং পাঁচ শতাধিক সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। এ ছাড়া এ সড়কে মালবাহী অসংখ্য ট্রাক-পিকআপ ভ্যানও চলে। সড়কের খানাখন্দের কারণে যানবাহনগুলো ঘন ঘন বিকল হয় এবং সড়কটিতে প্রায়ই দুর্ঘটনা লেগে থাকে। এর ফলে যানবাহনের মালিকেরাও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।রামগঞ্জের আলীপুর এলাকার বাসিন্দা মো. ফরহাদ প্রথম আলোকে বলেন, প্রায় সাত-আট বছর সড়কটির সংস্কার হয় না। গত ঈদের কয়েক দিন আগে সওজ বিভাগের লোকজন গর্তের মধ্যে কিছু ইটের টুকরো ফেলে। এতে যানবাহন চলাচলে ভোগান্তি আরও বেড়েছে। ম্যাক্সিচালক সফিকুল ইসলাম বলেন, একেকটি গর্ত যেন মরণফাঁদ। জীবন বাজি রেখে গাড়ি নিয়ে আসা-যাওয়া করি।আবুল কালাম নামের এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, পুরো সড়কজুড়ে গর্ত আর গর্ত। বাসের ঝাঁকুনিতে সিটে বসে থাকা যায় না।বৃহত্তর নোয়াখালী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নোয়াখালী শাখার সভাপতি এম এম রফিজুল হক প্রথম আলোকে বলেন, ‘সড়কটির অবস্থা খুবই নাজুক। বাস-মিনিবাস ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে যাত্রীরাও সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন।’ এ ব্যাপারে যোগাযোগ করলে লক্ষ্মীপুর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) শ্যামল কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, আঞ্চলিক সড়কটি দুরবস্থা সম্পর্কে তাঁরাও অবগত। কিন্তু প্রয়োজনীয় অর্থের বরাদ্দ নেই। এর পরও সড়কটির সংস্কারের জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে।