চাটখিলে আবারও অগ্নিকাণ্ড, ১৭ দোকান পুড়ে ছাই
নোয়াখালীর চাটখিল পৌর শহরের বাজারে পাঁচ মাসের ব্যবধানে আবারও গতকাল বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকান মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় প্রশাসন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, এতে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ব্যবসায়ীরা চাটখিলে ফায়ার সার্ভিস স্থাপনের দাবিতে দোকান বন্ধ রেখে গতকাল দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন করেছেন। প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, গতকাল ভোররাত সাড়ে চারটার দিকে বাজারের সরোয়ারের মুদি দোকানে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন দুই দিকের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চৌমুহনী, মাইজদী ও রামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে আগুনে বাজারের সবচেয়ে বড় পাইকারি মুদি দোকান হাজী নুর নবী স্টোর, গুলজার স্টোর, মানিক স্টোর, শহীদ স্টোর, রাজু জুয়েলার্স, বিসমিল্লাহ জুয়েলার্স, উপমা জুয়েলার্স, ক্ষুদ্র শিল্পালয়, নূর নবী হার্ডওয়্যারসহ ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।