চাটখিলে কিশোরী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল পৌর এলাকায় এক কিশোরী (১৭) ধর্ষণের শিকার হয়েছে। গত শুক্রবার দুপুরে দুর্বৃত্তরা ওই কিশোরীকে তার মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আটকে রেখে ধর্ষণ করেছে।
এরপর কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে গত শনিবার পুলিশ তাকে উদ্ধার করে। এ ঘটনায় ওই রাতেই কিশোরীর মা বাদী হয়ে পৌরসভার সুন্দরপুর এলাকার মো. রিপন, তাঁর সহযোগী মো. খোকনসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় একটি মামলা দায়ের করেন। তবে, পুলিশ অভিযুক্তদের কাউকে গতকাল রোববার বিকেল পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি।
কিশোরীর মা সাংবাদিকদের জানান, শুক্রবার দুপুরে সুন্দরপুর এলাকার মৃত আবদুর রহিমের ছেলে রিপন ও তাঁর অপর কয়েক সহযোগী তাঁর মেয়েকে তাঁর কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যান। রিপন এলাকার চিহ্নিত সন্ত্রাসী হওয়ায় কেউ তাঁদের সাহায্যে এগিয়ে আসেনি।
শনিবার দুপুরে তিনি স্থানীয় ব্যক্তিদের সহযোগিতা নিয়ে বিষয়টি থানায় জানালে উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পার্শ্ববর্তী এলাকার একটি ঘর থেকে ওই কিশোরীকে উদ্ধার করে থানা নিয়ে আসে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়।
কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।