
কেন্দ্র দখল, নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের মারধর, ধানের শীষের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগের মধ্য দিয়ে নোয়াখালীর চাটখিল উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে।
বিভিন্ন অনিয়মের কারণে বিভিন্ন ইউনিয়নের নয়টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। বিভিন্ন কেন্দ্রে বিক্ষিপ্ত হামলায় নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা, পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হন। এ ছাড়া তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
এদিকে হামলা, কেন্দ্র দখল, এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে বেলা একটার দিকে নির্বাচন বয়কটের ঘোষণা দেয় বিএনপি।
স্থানীয় সূত্র জানায়, সকালে মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। সকালে প্রায় প্রতিটি কেন্দ্রেই নারী ও পুরুষ ভোটারের উপস্থিতি লক্ষ করা গেছে। কিন্তু ঘণ্টা খানেক সময় পার না হতেই একে একে বিভিন্ন কেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়।
সকাল পৌনে ১০টায় খিলপাড়ার পূর্ব দেলিয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়, সকাল ১০টা ২৫ মিনিটে রামনারায়ণপুর উচ্চবিদ্যালয়, বেলা সোয়া ১১টায় পরকোট ইউনিয়নের দশঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দশঘরিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্র ভোটারশূন্য অবস্থায় দেখা যায়। সকাল থেকে দুপুর পর্যন্ত অন্তত ১৫টি কেন্দ্র ঘুরে কোথায়ও ধানের শীষ প্রতীকের এজেন্ট দেখা যায়নি।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, সকাল ১০টার দিকে নোয়াখালা ইউনিয়নের চানখালী মদিনাতুল উলুম তালিমুল কুরআন মাদ্রাসা কেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারেন একদল যুবক। এ সময় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেন প্রিসাইডিং কর্মকর্তা শাহাদাত হোসেন চৌধুরী। বেলা ১১টার দিকে পরকোট ইউনিয়নের খালিসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ব্যালট পেপার ও সিল ছিনিয়ে গেলে ভোট গ্রহণ স্থগিত করেন প্রিসাইডিং কর্মকর্তা আবুল হোসেন।
স্থানীয় সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালা ইউনিয়নের পূর্ব শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে একদল দুর্বৃত্ত দুটি ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায়। এ সময় আরেক পক্ষ বাধা দিলে দুপক্ষের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ দুটি ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) শাহজাহান, চার আনসার সদস্যসহ কমপক্ষে ১০ জন আহত হন।
বিকেল পৌনে চারটার দিকে খিলপাড়া ইউনিয়নের পূর্ব দেলিয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একদল দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালিয়ে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের মারধর করে এবং একটি ব্যালট বাক্স ভেঙে ফেলে বলে জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা আবু ছায়েদ। এ সময় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ভোলানাথ সাহাসহ কমপক্ষে ১০ জন আহত হন। এ কেন্দ্রে তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এদিকে বেলা একটার দিকে উপজেলা সদরের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচন বয়কটের ঘোষণা দেয় বিএনপি। দলের উপজেলা সভাপতি আনোয়ার হোসেন সংবাদ সম্মেলনে বলেন, সকাল আটটা থেকে নয়টার মধ্যেই প্রতিটি কেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকের এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়। সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে এর প্রতিকার চেয়েও পাওয়া যায়নি।
আনোয়ার হোসেন বলেন, অনিয়মের বিষয়ে প্রশাসন ও নির্বাচনী কর্মকর্তাদের জানিয়েও কোনো সহযোগিতা পাওয়া যায়নি। অনেক কেন্দ্র থেকে পুলিশও সাধারণ ভোটারদের কেন্দ্র থেকে বের করে দিয়ে নৌকার সমর্থকদের প্রকাশ্যে ব্যালটে সিল মারার সুযোগ করে দিয়েছে। এককথায় প্রশাসন ও পুলিশ যৌথভাবে আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে কাজ করেছে।
বিএনপির অভিযোগের বিষয়ে জানতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের মুঠোফোনে গতকাল বিকেলে বেশ কয়েকবার ফোন করা হয়। কিন্তু তিনি ফোন না ধরায় এ বিষয়ে আওয়ামী লীগের বক্তব্য পাওয়া যায়নি।
জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন প্রথম আলোকে বলেন, বিচ্ছিন্ন কিছু অনিয়ম ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান বলেন, বিভিন্ন কেন্দ্রে বিচ্ছিন্ন সহিংস ঘটনা নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশ কমপক্ষে ৫০টি শটগানের গুলি ছুড়েছে।