চাটখিলে গণপিটুনিতে একজন নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল উপজেলায় গত রোববার রাতে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। যুবদলের নেতা সোলায়মান হোসেনকে অপহরণ করতে গিয়ে তিনি গণপিটুনির শিকার হন বলে জানা গেছে। পিটুনিতে আরও দুজন আহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।চাটখিল উপজেলা শাখা যুবদলের সমাজকল্যাণ সম্পাদক সোলায়মান জানান, তিনি রোববার রাত সোয়া আটটার দিকে পরানপুর গ্রামে নিজ বাড়ির সামনের চায়ের দোকানে বসে ছিলেন। অপরিচিত এক যুবক এসে কথা আছে বলে তাঁকে একপাশে ডেকে নিয়ে যান। এ সময় অল্প দূরে থাকা সিএনজিচালিত অটোরিকশা থেকে দুই যুবক নেমে এসে তাঁকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি দৌড়ে পালিয়ে যান। সোলায়মান জানান, কেন বা কারা এ ঘটনায় জড়িত তা তিনি জানেন না।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, যুবকেরা কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে পালানোর চেষ্টা করেন। স্থানীয় লোকজন ধাওয়া করে তিনজনকে অস্ত্রসহ আটক করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ইব্রাহিম ওরফে বেছা (৩০) নামে একজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন সহিদ (২৯) ও মো. নাছির (৩০)। খবর পেয়ে চাটখিল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি পাইপগান, পাঁচটি গুলিসহ হতাহতদের উদ্ধার করে। আহত দুজনকে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পুলিশ জানায়, নিহত ইব্রাহিমের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ডুমুরিয়া গ্রামে। সহিদের বাড়ি চাটখিলের করটখিলে এবং নাছিরের বাড়ি শাহপুর গ্রামে।চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, যুবদলের কর্মীকে অপহরণ কিংবা হত্যা করতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে ইব্রাহিমের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।