চাটখিলে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
নোয়াখালীর চাটখিল উপজেলার নারায়ণপুর গ্রামে গৃহবধূ ফাতেমা বেগমকে (২২) হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে চাটখিল থানায় একটি মামলা হয়েছে। নিহত গৃহবধূর স্বামী সাইফুল ইসলামকে গতকাল শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ।নিহত ফাতেমার মা সাজুদা বেগমের দায়ের করা মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, নারায়ণপুর গ্রামের সহিদ উল্যার ছেলে সাইফুলের সঙ্গে ফাতেমার চার বছর আগে বিয়ে হয়। বিয়ের পর পরই সাইফুল দুবাইয়ে চলে যান। গত ১৫-২০ দিন আগে তিনি দেশে আসেন। মেয়ে-জামাইকে আম-দুধ খাওয়াতে গত বুধবার ছেলে শরিফুল ইসলামকে দিয়ে সাইফুলদের বাড়িতে আম, কাঁঠাল, দুধ ও মুড়ি পাঠান সাজুদা বেগম। কিন্তু সাইফুলের মা-বাবা ও ভাইয়েরা এসব কম নেওয়ার অভিযোগে শরিফুলকে অপমান করেন। শরিফুল চলে এলে ফাতেমা তাঁর মা-বাবাকে ফোন করে জানান, শ্বশুরবাড়ির লোকজন তাঁকে নানা কটু কথা বলছে।নিহত ফাতেমার মা অভিযোগ করেন, ‘ওরাই আমার মেয়ের মুখে বিষ ঢেলে দিয়েছে। তারপর তাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে।’