চাটখিলে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত লাখ টাকা চাঁদার দাবিতে সন্ত্রাসীরা নোয়াখালীর চাটখিল উপজেলার ইয়াছিন হাজীর বাজারের ব্যবসায়ী আবদুর রশিদ পাটওয়ারীর ব্যবসাপ্রতিষ্ঠানে সাত দিন ধরে তালা দিয়ে রেখেছে। চাঁদা না দিয়ে তালা খুললে রশিদকে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এ ব্যাপারে চাটখিল থানায় অভিযোগ দাখিলের পাঁচ দিন পরও পুলিশ ব্যবস্থা না নেওয়ায় রশিদ গত বৃহস্পতিবার নোয়াখালী পুলিশ সুপার হারুন অর রশিদ হাজারীর কাছে লিখিত অভিযোগ করেছেন।অভিযোগে জানা গেছে, ১৫ আগস্ট সকালে নোয়াখলা গ্রামের আরিফ হোসেন, আনোয়ার হোসেন, ইকবাল হোসেনসহ সাত-আটজন সন্ত্রাসী আবদুর রশিদের ব্যবসাপ্রতিষ্ঠানে এসে তাঁর কাছে সাত লাখ টাকা চাঁদা দাবি করে। রশিদ চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তারা তাঁকে জোরপূর্বক দোকান থেকে বের করে দোকানে তালা ঝুলিয়ে দেয়। চাঁদা না দিয়ে তালা খুললে তাঁকে হত্যা করা হবে বলেও হুমকি দিয়ে তারা চলে যায়। রশিদের অভিযোগ পেয়ে পুলিশ সুপার অনুসন্ধানপূর্বক আইনানুগ ব্যবস্থা নিয়ে প্রতিবেদন দেওয়ার জন্য চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরকে গত শুক্রবার নির্দেশ দিয়েছেন।