নোয়াখালীর চাটখিল উপজেলায় ছাত্রলীগের একজন নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই জেলার সুবর্ণচর উপজেলায় এক কিশোর ও লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একজন তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: চাটখিল (নোয়াখালী): উপজেলার নোয়াখলা (পূর্ব) ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি মোরশেদ আলমকে কড়িহাটি বাজারে গত সোমবার রাতে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের কর্মী জাবেদ হোসেন, তাঁর ভাই বাবু, বাবা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও বিএনপির নেতা আবদুর রহিম, মামা আবদুল ওদুদ এবং ব্যবসায়ী রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুনিদের বিচারের দাবিতে চাটখিল পৌর শহরে গতকাল মঙ্গলবার সকালে বিক্ষোভ, অবরোধ ও প্রতিবাদসভা করেছে স্থানীয় ছাত্রলীগ। কয়েক শ লোকের ওই অবরোধে রামগঞ্জ-সোনাইমুড়ী সড়কে যানবাহন চলাচল এক ঘণ্টা বন্ধ ছিল। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের ব্যাপারে পুলিশ আশ্বাস দেওয়ার পর ওই অবরোধ প্রত্যাহার করা হয়। প্রতিবাদসভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন। বক্তব্য দেন স্থানীয় আওয়ামী লীগের নেতা নাজমুল হুদা, বেলায়েত হোসেন, মোহাম্মদ উল্যাহ, রাজিব হোসেন, নূর উদ্দিন, মো. মহসিন প্রমুখ। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, আগের দিনের বাগিবতণ্ডার জের ধরে গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে কড়িহাটি বাজারে মোরশেদ আলমকে কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন জাবেদ ও তাঁর সহযোগীরা। খবর পেয়ে আত্মীয়স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় মোরশেদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন জাবেদ।নোয়াখালী: সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর তোরাব আলী গ্রামে একটি ঝোপের ভেতর থেকে রিয়াজ উদ্দিন (১৪) নামের এক কিশোরের লাশ সোমবার সন্ধ্যায় উদ্ধার করেছে পুলিশ। উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী গ্রামের জামাল উদ্দিন ছেলে রিয়াজ ৮ মার্চ থেকে নিখোঁজ ছিল। সে চৌমুহনীর একটি দোকানে কাজ করত।সুবর্ণচরের চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম চৌধুরী বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। উদ্ধার করা লাশ বিকৃত অবস্থায় ছিল। ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লক্ষ্মীপুর ও রামগতি: কমলনগর উপজেলার চর পাগলা গ্রামে শ্বশুরবাড়ির পাশে পরিত্যক্ত একটি পুকুর থেকে মো. নুরুল করিম (২৩) নামের এক ব্যক্তির লাশ গতকাল সকালে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য নুরুল করিমের শাশুড়ি মুন্নী বেগম ও স্ত্রী মারজাহান বেগমকে আটক করেছে পুলিশ।পুলিশ জানায়, নুরুল করিম তিন দিন আগে শ্বশুরবাড়িতে বেড়াতে যান। বড় ভায়রা মো. গোফরানের সঙ্গে সোমবার তিনি শ্বশুরবাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। মো. গোফরানেরও কোনো খোঁজ পাওয়া যায়নি। তাঁর বাড়ি বরিশাল সদর উপজেলায়।কমলনগর থানার ওসি এনামুল হক খান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।