চাটখিলে ডাকাতি স্বর্ণালংকারসহ টাকা লুট, গুলিবিদ্ধ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল পৌর শহরের দশানী-টবগা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় ডাকাতেরা অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিমিঞ্চ করে সোনার গয়না, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে। ডাকাতদের গুলিতে আলমগীর হোসেন (৫০) নামের একজন গুরুতর আহত হয়েছেন। তাঁকে রাতেই নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৃহকর্তা জাহাঙ্গীর আলম জানান, ডাকাতেরা ঘরের আসবাব তছনছ করে সাত ভরি সোনার গয়না, নগদ প্রায় দেড় লাখ টাকা ও মূল্যবান মালামাল লুট করে। ডাকাতেরা চলে যাওয়ার সময় তাঁর ছোট ভাই আলমগীর হোসেন চিৎকার দিলে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতেরা। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি ডাকাতি কি না তা নিশ্চিত নয়। তবে খবর পেয়ে রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেননি সংশ্লিষ্ট ব্যক্তিরা।