চাটখিলে তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলার মধ্য নয়াখলা গ্রামে। এ ঘটনায় চাটখিল থানার পুলিশ আবদুল হান্নান (২০) ও তাঁর চাচা মনির হোসেনকে (৩৫) পুলিশ গ্রেপ্তার করেছে। জানা যায়, উপজেলার মধ্য নয়াখলা গ্রামের হাজি রুহুল আমিন (৭৫) গতকাল মঙ্গলবার দুপুরে তাঁর বাড়ির ফলদ গাছ একই বাড়ির মহসিনের ছেলে মান্নানের ছাগলে খাওয়ায় তিনি ছাগল তাড়াতে যান। ছাগল তাড়ানোকে কেন্দ্র করে ছাগলের মালিক আবদুল মান্নান, আবদুল হান্নান ও চাচা মনির হোসেন ক্ষিপ্ত হয়ে দৌড়ে এসে হাজি রুহুল আমিনকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মারতে থাকেন। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। বাড়ির লোকজন তাঁকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলাম তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় মৃত রুহুল আমিনের ছোট ছেলে সামছুদ্দিন থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আজাদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।