চাটখিলে দুই লাশ উদ্ধারের ঘটনায় মামলা
নোয়াখালীর চাটখিলে ছাত্রদল নেতা মিকাইল হোসেন ওরফে আকাশ ও যুবলীগের কর্মী আল-আমিনের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। গত সোমবার রাতে আল-আমিনের বাবা আমিরুল ইসলাম বাদী হয়ে চাটখিল থানায় মামলাটি দায়ের করেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে আল-আমিন তাঁর বন্ধু মিকাইল হোসেনকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হন। এরপর রাতে তাঁরা আর ফিরে আসেননি। সকালে উপজেলার খিলপাড়া ইউনিয়নের পশ্চিম দেলিয়াই গ্রামে তাঁদের লাশ পড়ে থাকার খবর পাওয়া যায়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম খলিল জানান, এজাহারে সুনির্দিষ্ট কাউকে আসামি করা হয়নি। তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
সোমবার সকালে পশ্চিম দেলিয়াই গ্রামের তাহেরের পোল এলাকার একটি পুকুর ও পাশের একটি খাল থেকে মিকাইল হোসেন ও আল-আমিনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। নোয়াখালী মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে তাঁদের লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়।