চাটখিলে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল উপজেলায় গত রোববার রাতে দুর্বৃত্তদের গুলিতে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। ওই ব্যক্তির নাম নুর মোহাম্মদ ওরফে মিলন ডাক্তার (৪৫)। তিনি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।এই হত্যাকাণ্ডের প্রতিবাদে গত রোববার গভীর রাত পর্যন্ত চাটখিল উপজেলা সদর, হালিমা দিঘিরপাড়, বানসা বাজারসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেন দলের নেতা-কর্মীরা। গতকাল সোমবার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করে নুর মোহাম্মদের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। নুর মোহাম্মদের লাশ নিয়ে উপজেলা বিএনপি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, নুর মোহাম্মদ বানসা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও পল্লিচিকিৎসক। বাজারে তাঁর ওষুধের দোকান রয়েছে। গত রোববার সন্ধ্যার পর ব্যবসায়িক কাজে বাজার থেকে একটু দূরে এক বাড়িতে যান। রাত নয়টার দিকে বাজার থেকে এক কিলোমিটার দূরে পাওড়া গ্রামে একটি মুঠোফোন কোম্পানির টাওয়ারের পাশের সড়কে নুর মোহাম্মদকে পড়ে থাকতে দেখেন একজন অটোরিকশাচালক। এ সময় তিনি কাতরাচ্ছিলেন। অটোরিকশাচালক তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বুকে গুলির চিহ্ন দেখে তাঁকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখান থেকে নোয়াখালী সদরে নেওয়ার পথে তিনি মারা যান।মেডিকেল কলেজের চিকিৎসক কপিল উদ্দিন চৌধুরী বলেন, ‘নুর মোহাম্মদকে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। গুলিবিদ্ধ হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।’নুর মোহাম্মদের ভগ্নিপতি জাকির হোসেন জানান, কারা তাঁকে হত্যা করেছে, সে সম্পর্কে তাঁরা এখনো নিশ্চিত নন। তবে ঘটনার আগে স্থানীয় লোকজন পাওড়া গ্রামের মসজিদের পাশের দোকানে এবং ঘটনাস্থলে অজ্ঞাত তিন যুবককে একটি মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করতে দেখেন। তারাই এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে।তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফেয়ার আহম্মদ অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষরাই নুর মোহাম্মদকে হত্যা করেছে।চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল জানান, নুর মোহাম্মদের মা জাহানারা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। পুলিশের একাধিক দল ঘটনাটি তদন্ত করছে।