চাটখিলে নেশামিশ্রিত খাবার খেয়ে ২০ জন হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল উপজেলার বানসা গ্রামে গত সোমবার রাতে দুর্বৃত্তদের নেশামিশ্রিত খাবার খেয়ে দুই পরিবারের ২০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এতে ওই দুই পরিবারের স্বর্ণালংকার ও টাকাসহ ছয় লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।অসুস্থ ব্যক্তিদের ভাষ্যমতে, বানসা গ্রামের বুদরুজ মাঝিবাড়ির বেলাল মাঝি ও সেলিমের ঘরের খাবারে দুর্বৃত্তরা কৌশলে নেশাজাতীয় পদার্থ মিশিয়ে দেয়। রাতে ওই খাবার খেয়ে দুই পরিবারের লোকজন অচেতন ও অসুস্থ হয়ে পড়লে দুর্বৃত্তরা সিঁদকেটে ঘরে ঢুকে লুটপাট করে।বেলাল মাঝি বলেন, তাঁর ঘরে এক লাখ ৪০ হাজার টাকা ও ছয় ভরি স্বর্ণালংকার এবং সেলিমের ঘর থেকে তিন ভরি স্বর্ণালংকার, ৩০ হাজার টাকাসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুট হয়েছে। লুটপাটের সময় একমাত্র সুস্থ থাকা গৃহকর্ত্রী আনোয়ারা বেগম চিৎকার দিলে তাঁকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।গতকাল মঙ্গলবার সকালে ওই দুই পরিবারের লোকজন ঘুম থেকে না ওঠায় বাড়ির লোকজন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল খায়ের ও যুবলীগ নেতা সরওয়ারকে খবর দেয়। তাঁরা ঘটনাস্থলে এসে ওই দুই পরিবারের সদস্যদের উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।