চাটখিলে পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড গরমে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে নোয়াখালীর চাটখিল উপজেলা পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও ও অবরোধ কর্মসূচি পালন করেছে ওই এলাকার ক্ষুব্ধ গ্রাহকেরা।গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত তারা পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ গ্রাহকেরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয়।চাটখিল পল্লী বিদ্যুতের গ্রাহক মহিনউদ্দিন ও গোলাম কুদ্দুছ অভিযোগ করে বলেন, ২৪ ঘণ্টায় তাঁরা গড়ে তিন ঘণ্টার বেশি বিদ্যুৎ পান না। বিদ্যুতের অভাবে তাঁরা ব্যবসায়িকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।উপজেলার সাহাপুর গ্রামের অধ্যাপক আবদুল্লাহ আল মাসুদসহ বেশ কয়েকজন গ্রাহক অভিযোগ করেন, ২৪ ঘণ্টার মধ্যে তাঁরা গড়ে ২ ঘণ্টা বিদ্যুৎ পান। এমনিতেই প্রচণ্ড গরম, তার ওপর বিদ্যুৎ না থাকায় এই গরমে অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁদের।চাটখিল পল্লী বিদ্যুতের ডিজিএম গোপাল চন্দ্র শিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রাহকদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। আমরা নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করার চেষ্টা করব।’ তিনি আরও বলেন, ‘এ উপজেলায় ৪০ হাজারেরও বেশি গ্রাহক রয়েছে। তাদের দৈনিক চাহিদা ১২ মেগাওয়াট হলেও আমাদের কাছে সরবরাহ আছে মাত্র ৩ মেগাওয়াট বিদ্যুৎ। এ কারণেই বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে।’