নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের করটখিল এলাকায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফলাফল ঘোষণার পর গতকাল শনিবার পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পরাজিত প্রার্থীর সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চায়নিজ রাইফেল দিয়ে ছয়টি ফাঁকা গুলি ছোড়ে।স্থানীয় লোকজনের দাবি, পুলিশের গুলিতে শাহপুর গ্রামের বাবুল হোসেন (২৮) ও হাসিমের ছেলে (২৫) আহত হন। লোকজন বাবুলকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পুলিশের ভয়ে পালিয়ে যায়। হাসিমের ছেলেকে ঢাকার উদ্দেশে পাঠানো হয়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, করটখিল কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গণনা শেষে গতকাল সন্ধ্যার কিছুক্ষণ আগে প্রিসাইডিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন। এতে সদস্য পদপ্রার্থী আবদুল হাই ২৯৬ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল হাসিম পান ২৭৫ ভোট।ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে হাসিমের লোকজন ক্ষিপ্ত হয়ে প্রিসাইডিং কর্মকর্তাসহ কেন্দ্রে উপস্থিত পুলিশ ও আনসার সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশ বেশ কয়েকটি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সহকারী নজরুল ইসলাম বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অপরিচিত দুই যুবক গুলিবিদ্ধ বাবুলকে হাসপাতালের জরুরি বিভাগে রেখে পালিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে চাটখিল থানার পুলিশ এসে বাবুলের লাশ উদ্ধার করে। তাঁর ডান হাতে, বুকের ডান ও বাঁ দিকে তিনটি গুলির দাগ রয়েছে। সহকারী পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আলী হোসেন বলেন, ‘করটখিল কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল ঘোষণার পর পরাজিত প্রার্থীর সমর্থকেরা নির্বাচন কর্মকর্তা ও পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চায়নিজ রাইফেল থেকে ছয়টি ফাঁকা গুলি ছুড়েছিল। তাতে তো কারও গুলিবিদ্ধ হওয়ার কথা নয়। তবে হাসপাতালে ফেলে রেখে যাওয়া গুলিবিদ্ধ যুবকের নাম বাবুল বলে জানা গেছে।’