চাটখিলে বিদ্যুতের ট্রান্সফরমার বিকল সপ্তাহব্যাপী দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল পৌরসভার চাটখিল এলাকায় এক সপ্তাহ ধরে পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার বিকল রয়েছে। এতে ওই এলাকার শতাধিক পরিবার অসহনীয় দুর্ভোগে পড়েছে। এ ব্যাপারে কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।এলাকাবাসী সূত্র জানায়, পৌর এলাকার মিঝিবাড়ির পুকুরপাড়ে পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার গত বৃহস্পতিবার বিকল হয়ে পড়ে। বিষয়টি পল্লী বিদ্যুতের স্থানীয় অফিস ও অভিযোগকেন্দ্রে জানানো হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। চাটখিল এলাকার ফজলুল কবির, মো. সোহেল ও মাজহারুল ইসলাম অভিযোগ করেন, বিকল হওয়া ট্রান্সফরমারটি মেরামত করে বিদ্যুৎসংযোগ চালু করার জন্য পল্লী বিদ্যুতের কর্মীরা গ্রাহকদের কাছে ৪৫ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় এ ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।টাকা চাওয়ার বিষয়টি স্বীকার করে স্থানীয় পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক গোপাল চন্দ্র শিব বলেন, বিকল ট্রান্সফরমারটি মেরামতের জন্য পল্লী বিদ্যুতের নিয়ম অনুযায়ী ৪১ হাজার ৮১০ টাকা সংশ্লিষ্ট গ্রাহকদের দিতে হবে।