চাটখিলে যুবলীগ নেতাকে না পেয়ে বাড়িতে অগ্নিসংযোগ
নোয়াখালীর চাটখিল উপজেলার পশ্চিম দেলিয়াই গ্রামে খিলপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. হাসানের বসতঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীদের হামলায় ও আগুন নেভাতে গিয়ে ওই বাড়ির নারী-পুরুষসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের চিৎকারে আশপাশের বাসিন্দারা এসে আগুন নেভায়। এ ঘটনার জের ধরে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে যুবলীগের নেতা হাসানের মামাতো বোনকে বিয়ের প্রস্তাব দেন লক্ষ্মীপুরের সন্ত্রাসী জিসান বাহিনীর প্রধান জিসানের অন্যতম সহযোগী তাজুল ইসলাম ওরফে তাজু। হাসান এতে বিরোধিতা করায় বিয়ে হয়নি। এ নিয়ে হাসানের সঙ্গে জিসান বাহিনীর মতবিরোধ চলছিল। এর জের ধরে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে জিসান বাহিনীর ১৫-১৬ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হাসানদের পশ্চিম দেলিয়াই গ্রামে নতুন বাড়িতে হাসানকে খোঁজাখুঁজি করে। পরে না পেয়ে সন্ত্রাসীরা হাসানদের বসতঘরের চারপাশে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং বাড়ির নারী-পুরুষ সবাইকে গণহারে মারধর করে। আগুনে বসতঘরটি পুরোপুরি পুড়ে যায়।
জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন চাটখিল থানার ওসি মো. ইব্রাহিম খলিল। গত রাত সাড়ে আটটায় প্রথম আলোকে তিনি বলেন, জিসান বাহিনীর সদস্য তাজুর কাছে যুবলীগের নেতা হাসানের মামাতো বোনকে বিয়ে দিতে রাজি না হওয়ার জের ধরে ঘটনাটি ঘটে। এ নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। তবে, গতকাল অগ্নিসংযোগের বিষয়ে এখনো থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি।