চাটখিলে সংঘর্ষের ঘটনায় মামলা, একজন গ্রেপ্তার
নোয়াখালীর চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গণনার পর সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তা মাওলানা মনির হোসেন বাদী হয়ে ভোটকেন্দ্রে হামলার অভিযোগে পরাজিত সদস্য পদপ্রার্থী আবুল হাসিম ওরফে হাসমত উল্যাহকে প্রধান আসামি করে ও অজ্ঞাত পরিচয়ের দেড় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। পুলিশ রাতেই হাসমত উল্যাহকে গ্রেপ্তার করেছে। এদিকে ওই ঘটনায় নিহত বাবুল হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শাহাপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের করটখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও চাটখিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মনির হোসেন গত শনিবার সন্ধ্যায় সাধারণ সদস্য পদপ্রার্থীদের ফলাফল ঘোষণা করেন। তিনি প্রথমে ভুলবশত বিএনপিপন্থী প্রার্থী আবুল হাসিম ওরফে হাসমত উল্যাহকে বিজয়ী ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে ভুল স্বীকার করে তিনি আওয়ামী লীগপন্থী আবদুল হাইকে বিজয়ী ঘোষণা করেন। এতে হাসমত উল্যাহ ক্ষিপ্ত হয়ে দেড় শতাধিক লোক নিয়ে ভোটকেন্দ্রে হামলা চালান। মারধর করেন নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের। একপর্যায়ে তাঁরা ব্যালট বাক্স ছিনতাইয়ে উদ্যত হলে প্রিসাইডিং কর্মকর্তার নির্দেশে কেন্দ্রে কর্তব্যরত পুলিশ গুলি ছুড়ে বলে তারা দাবি করেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে বাবুল নামে এক ব্যক্তি মারা যান। বাবুল কেন্দ্রের সামনের রাস্তা দিয়ে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তিনি পেশায় আসবাব ব্যবসায়ী ছিলেন। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বাবুলের মৃত্যুর ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছুই বলা যাবে না।