চাটখিলে সন্ত্রাসীদের গুলি, বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ সাতজন গুলিবিদ্ধ
নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট হাজীবাড়ি বাজারে গতকাল শনিবার রাতে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে সাতজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের চাটখিল ও মাইজদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত নয়টার সময় একটি মোটরসাইকেলে করে মুখোশধারী তিন সন্ত্রাসী মুন্সিরাস্তা দিয়ে হাজী বাড়ির বাজারে ঢুকে এলোপাতাড়ি গুলি করতে করতে উত্তর দিকে চলে যায়। এতে গুলিবিদ্ধ হন বদলকোট গ্রামের আবদুর রশিদের ছেলে ঢাকার বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেকনোলজির বিবিএর ছাত্র নুরুল আমিন বাবু (২৪), স্থানীয় আমির হোসেন (৬০), তাজুল ইসলাম (৪০), মাসুদ (৩৫), বাবুল (৪০), খোরশেদ আলম (৪০) ও আমির হোসেন (২৬)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে।চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমুল হক গতকাল রাত সাড়ে ১০টার দিকে বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, সে ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।