চাটখিলে স্কুলছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল উপজেলায় গত শুক্রবার বৃষ্টি আক্তার (১২) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাকে ধর্ষণের পর বা ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের সৌদিপ্রবাসী আবদুর রহিমের মেয়ে বৃষ্টি। সে স্থানীয় ফাতেমা প্রি-ক্যাডেট কেজি স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ত। এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে বৃষ্টি প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। দুপুর সাড়ে ১২টার মধ্যে তার বাড়ি ফেরার কথা থাকলেও সে ফেরেনি। এরপর থেকে পরিবারের লোকজন ও আত্মীয়স্বজন তাকে খোঁজাখুঁজি করে। রাত ১০টার দিকে বৃষ্টির বাড়ি থেকে তিন-চার শ গজ দূরে হাজি আতিকুল্লার বাগানের একটি পরিত্যক্ত টয়লেটের ভেতর তার লাশ দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পুলিশ গতকাল শনিবার ময়নাতদন্তের জন্য তার লাশ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজিমুল হক বলেন, ধারণা করা হচ্ছে, মেয়েটিকে দুর্বৃত্তরা ধর্ষণের পর বা ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা করেছে। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহত বৃষ্টির ফুফা সামছুল হক বাদী হয়ে শুক্রবার রাতে একটি হত্যা মামলা দায়ের করেছেন।