চাটখিলে ১২ পরীক্ষার্থীকে পিটিয়ে জখম, দুই শিক্ষক প্রত্যাহার
পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় সহপাঠীর কাছে স্কেল চাওয়ার অপরাধে দুই শিক্ষিকা স্কেল দিয়ে পিটিয়ে ১২ শিক্ষার্থীকে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ দুই শিক্ষিকাকে প্রত্যাহার করেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে।সরেজমিন দেখা যায়, গণিত পরীক্ষা চলাকালে উপজেলার হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী নূরনবী, মেহরাব হোসেন ও আলী আকবর সহপাঠীর কাছে স্কেল চায়। এ অপরাধে ওই কেন্দ্রের এক নম্বর কক্ষে কর্তব্যরত কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাজেদা আক্তার ও নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফরিদা ইয়াসমিন পরীক্ষার্থী নূরনবী, আলী আকবর, মেহেরাব হোসেন, রবিউল হাসান, শাহনাজ আক্তার, সনিয়া আক্তার, আয়শা আক্তার, জান্নাত আক্তার, বিবি ফাতেমা, মনিরুল ইসলাম, জহিরুল আবেদীকে স্কেল ও বেত দিয়ে পিটিয়ে জখম করে। শিক্ষার্থী নূরনবী, ছনিয়া আক্তার জানায়, পরীক্ষার হলে পিটুনি খেয়ে আগামীকালের পরীক্ষা দিতে তারা ভয় পাচ্ছে। অভিভাবক শহীদুল্লাহ সাজু বলেন, আমার ছেলে ভালো ছাত্র। সে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ার আশা রাখে। এভাবে কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষার হলে পিটিয়ে জখম করার ঘটনা নজিরবিহীন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং বিচার চাই। হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতির চাটখিল শাখার সভাপতি দেলোয়ার হোসেন ও একই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. কামাল হোসেন, বারাইপাড়া গ্রামের সমাজসেবক নিজামুল হক চৌধুরী শেলি ঘটনার সত্যতা স্বীকার করে জড়িত শিক্ষিকাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।