চাটখিলে ‘নিখোঁজ’ ছাত্রদল নেতা লাকসামে অচেতন অবস্থায় উদ্ধার
নোয়াখালীর চাটখিল উপজেলার পাল্লা বাজার থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. হোসেন ওরফে তানভিরকে (২৩) কুমিল্লার লাকসাম উপজেলার মোজাফ্ফরগঞ্জ থেকে অচেতন অবস্থায় উদ্ধার হয়েছেন। তানভির বাদলকোর্ট ইউনিয়নের রেজ্জাকপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে।তানভিরের বড় ভাই মো. হাসান অভিযোগ করেন, পৈতৃক জায়গাজমি নিয়ে তাঁর এক চাচা ও ফুফাতো ভাইয়ের সঙ্গে তাঁদের বিরোধ রয়েছে। কিছুদিন আগেও ওই বিরোধের জের ধরে তাঁর চাচা তানভিরকে নানা হুমকি-ধমকি দিয়েছিলেন। তাই নিখোঁজ হওয়ার সঙ্গে ওই বিরোধের যোগসূত্র থাকতে পারে বলে তিনি মনে করেন। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে পাল্লা বাজার থেকে তানভির নিখোঁজ হন। এরপর গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে পরিবারের ও দলীয় লোকজন কুমিল্লার লাকসাম উপজেলার মোজাফ্ফরগঞ্জের মহসিন ক্লিনিকে অচেতন অবস্থায় তাঁকে শনাক্ত করেন। তানভির বর্তমানে ওই ক্লিনিকে চিকিৎসাধীন। রাত পৌনে আটটায় চাটখিল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ওই ক্লিনিক থেকে মুঠোফোনে প্রথম আলোকে তানভিরের খোঁজ পাওয়ার কথা নিশ্চিত করেন। মাসুদ রানা বলেন, ‘তানভিরকে বিকেল তিনটার দিকে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি ওই এলাকার একটি রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ওই ক্লিনিকে রেখে যান। তাঁর জ্ঞান ফিরে এলে নিখোঁজ হওয়ার রহস্য জানা যাবে।’