চাটখিলের উপজেলা ভাইস চেয়ারম্যানসহ দুজন অপহূত
লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার থেকে জামায়াতের দুই নেতাকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে সাত-আটটি মোটরসাইকেলে ১৫-১৬ জন সন্ত্রাসী এসে ফাঁকা গুলি ছুড়ে তাঁদের তুলে নিয়ে যায়। এ সময় নেতাদের ব্যবহূত গাড়িতে আগুন দেয় সন্ত্রাসীরা।
অপহূতদের একজন নোয়াখালীর চাটখিল উপজেলার ভাইস চেয়ারম্যান মাইন উদ্দিন হাসান। অপরজন তাঁর সহযোগী আবদুল ওয়াহেদ। তাঁরা দুজনই জামায়াতের স্থানীয় নেতা।
স্থানীয় লোকজন জানান, মাইন উদ্দিন হাসান ও আবদুল ওয়াহেদ রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার রামনগর গ্রামের একটি ওয়াজ মাহফিলে যোগ দিতে পোদ্দার বাজারে আসেন। এ সময় অজ্ঞাত সন্ত্রাসীরা সাত-আটটি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে তাঁদের মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।
এ ঘটনার পর পার্শ্ববর্তী দত্তপাড়া ইউনিয়নে সদর উপজেলা পরিষদের আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এ কে এম সালাহউদ্দিন টিপুর (দোয়াত-কলম) নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। যাওয়ার সময় তারা চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তেই বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়।
দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা (এসআই) মো. ওয়াহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।