চাটখিলের একটি বাড়িতে ডাকাতি আহত ৬
নোয়াখালীর চাটখিল উপজেলার পশ্চিম শোশালিয়া গ্রামে একটি বাড়িতে গত সোমবার গভীর রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতের গুলিতে ছয়জন আহত হয়। ডাকাতেরা চার লাখ টাকা, ১৮ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছে।এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, সোমবার গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত আক্তার হোসেন নামের এক ব্যক্তির বাড়ির ভবনের গ্রিল কেটে ভেতরে ঢোকে। এরপর ডাকাতেরা আক্তার হোসেন, তাঁর ভাই আবদুর রশিদ (৪০) ও মা মোবাশ্বেরা বেগমকে (৭০) মারধর করে। এতে বাধা দিলে ডাকাতেরা আক্তার ও রশিদকে গুলি করে চার লাখ টাকা ও ১৮ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসতে থাকলে ডাকাতেরা চররা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এ সময় ডাকাতদের গুলিতে মো. জানে আলম (২৮), মো. মোতালেব (৩০) ও মো. নোমান (৩৫) আহত হন। আক্তারকে প্রথমে চাটখিলের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য আহত ব্যক্তিদের চাটখিলের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে।