চাটমোহর উপজেলা চেয়ারম্যান ফের সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতা সৃষ্টির অভিযোগে বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলার আসামি হওয়ায় পাবনার চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসাদুল ইসলামকে গতকাল মঙ্গলবার আবারও সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। হাসাদুল ইসলাম পাবনা জেলা বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক।
গত ১৫ এপ্রিল একই অভিযোগে তাঁকে একবার সময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। সম্প্রতি উচ্চ আদালত সেই বহিষ্কারাদেশের ওপর স্থগিতাদেশ দিলে তিনি উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব ফিরে পেয়েছিলেন।
বরখাস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেগম শেহেলী লায়লা জানান, চাটমোহর থানার বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ করায় উপজেলা চেয়ারম্যান পদ থেকে হাসাদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাটমোহর থানা সূত্রে জানা যায়, চলতি বছর ৮ ফেব্রুয়ারি রাতে চাটমোহর পৌর সদরের বিভিন্ন স্থানে বেশ কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় চাটমোহর থানার এসআই দুলাল হোসেন বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন। মামলায় উপজেলা যুবদলের আহ্বায়ক সেলিম রেজাকে প্রধান করে ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১১ থেকে ১২ জনকে আসামি করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা চাটমোহর থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান গত ২৮ এপ্রিল উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ২২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে হাসাদুল ইসলামকে ২১ নম্বর আসামি করা হয়।
যোগাযোগ করা হলে হাসাদুল ইসলাম বলেন, ‘যে অভিযোগে আমাকে অভিযুক্ত করা হয়েছে, এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। এটা রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানিমূলক মামলা। আমাকে রাজনৈতিকভাবে হয়রানি করতেই মামলা ও বহিষ্কার করা হয়েছে।’