চাটমোহর রেলস্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদ
পাবনার চাটমোহর রেলস্টেশনের দুই পাশে গড়ে ওঠা প্রায় দেড় শ অবৈধ স্থাপনা গতকাল মঙ্গলবার সকালে উচ্ছেদ করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন যৌথভাবে এই উচ্ছেদ অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোস্তাক আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন রেলওয়ের সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা রাফিউল ইসলাম, নির্বাহী হাকিম ও চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান ও চাটমোহর রেলস্টেশন মাস্টার মহিউল ইসলাম।
বাংলাদেশ রেলওয়ে পাকশী কার্যালয়ের সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা রাফিউল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে রেলের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে এসব অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল। দখলদারদের কারও কাছ থেকেই বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি। ফলে রেল কর্তৃপক্ষের গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়। এটি একটি চলমান প্রক্রিয়া। অন্যান্য স্টেশনেও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।