চাটমোহরে অগ্নিকাণ্ডে ১৩টি বসতঘর ছাই
পাবনার চাটমোহর উপজেলার খতবাড়ী গ্রামে গত মঙ্গলবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবারের ১৩টি বসতঘর পুড়ে গেছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সন্ধ্যা ছয়টার দিকে গ্রামের আবদুল জব্বারের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। বাড়ির লোকজন কিছু বুঝে ওঠার আগেই একটি ঘরে আগুন ধরে যায়। মুহূর্তে তা পাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে পাঁচটি পরিবারের ১৩টি ঘর পুড়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্তরা জানান, আগুনে তাঁদের বসতঘর ও ঘরে থাকা সব মালামাল পুড়ে গেছে। চাটমোহর ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার আবদুস ছাত্তার বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসীর সহযোগিতায় বেশ কিছুক্ষণ চেষ্টার পর তা নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি।’