চাটমোহরে অশোভন আচরণের অভিযোগে স্কুলশিক্ষক বরখাস্ত
পাবনার চাটমোহর উপজেলার পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ এনে গত মঙ্গলবার থেকে ক্লাস বর্জন করছে বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীরা। দশম শ্রেণীর ৬১ জন ছাত্রী ও ১৫ জন অভিভাবক এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ওই দিনই দুটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।লিখিত অভিযোগে বলা হয়, বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক আশরাফুল ইসলাম ওরফে নিশান একজন মাদকাসক্ত। তিনি শ্রেণীকক্ষে ছাত্রীদের সামনে ধূমপান করেন। দীর্ঘদিন ধরে দশম শ্রেণীর ছাত্রীদের সঙ্গে তিনি অশোভন আচরণ করে আসছেন। এ ছাড়া তাঁর কাছে প্রাইভেট না পড়লে ছাত্রীদের ফেল করিয়ে প্রতিশোধ নেন। এ অবস্থায় তাঁর অপসারণ চেয়ে ৫ জানুয়ারি দশম শ্রেণীর ছাত্রীরা ক্লাস বর্জন শুরু করেছে। প্রধান শিক্ষক আফসার আলী বলেন, আমি লিখিত অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নিয়েছি। ওই শিক্ষককে এরপর আর দশম শ্রেণীর ক্লাস করতে দেওয়া হয়নি। অভিযুক্ত শিক্ষক আশরাফুল ইসলাম তাঁর বিরুদ্ধে ছাত্রী ও অভিভাবকদের সব অভিযোগ অস্বীকার করে বলেন, এটা তাঁর বিরুদ্ধে একটা চক্রান্ত।