চাটমোহরে আ.লীগ নেতাকে জবাই
পাবনার চাটমোহর উপজেলার জগন্নাথপুর গ্রামে গত মঙ্গলবার রাতে এক আওয়ামী লীগ নেতাকে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত ব্যক্তির নাম গোলজার হোসেন। তিনি স্থানীয় ফৈলজান ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাতটার দিকে গোলজার হোসেন (৫০) বাড়ির পাশের একটি দোকানে বসে গল্প করছিলেন। এ সময় সাত-আটজন সন্ত্রাসী লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। এ সময় ভয়ে দোকানের অন্য লোকজন পালিয়ে যায়। এরপর সন্ত্রাসীরা গোলজারকে লাঠি দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে জবাই করে ফেলে রেখে পালিয়ে যায়। তিনি ঘটনাস্থলেই মারা যান। গোলজার জগন্নাথপুর গ্রামের আয়েন উদ্দিনের ছেলে।চাটমোহর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে নিহতের বড় ভাই আরশেদ আলী গতকাল বুধবার অজ্ঞাত ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। তবে এ হত্যাকাণ্ডের কোনো কারণ এখনো পর্যন্ত যানা যায়নি।ফৈলজানা ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাদ হোসেন নিহত গোলজারের দলীয় পরিচয় নিশ্চিত করে জানান, কারা, কী কারণে তাঁকে হত্যা করল তা বোঝা যাচ্ছে না।