পাবনার চাটমোহর উপজেলায় গত বৃহস্পতিবার ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। গুরুতর আহত চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও আহত ব্যক্তিদের সূত্রে জানা গেছে, মূলগ্রাম ইউনিয়নের আটলংকা গ্রামে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজল বিশ্বাস ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের মধ্যে গত ঈদের আগে এলাকায় ভিজিএফ কার্ড বিতরণের বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে রাত ১০টার দিকে আটলংকা বাজারে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ১২ জন আহত হন। গুরুতর আহত জয়নাল আবেদীন, কাজল বিশ্বাস, তৈয়ব আলী মোল্লা ও তয়জাল মোল্লাকে হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালে চিকি ৎসাধীন জয়নাল বলেন, ‘ঈদের আগের ভিজিএফ কার্ড বিতরণের বিষয়ে কথা বলার একপর্যায়ে কাজল বিশ্বাসের লোকজন আমাকে পেছন থেকে লাঠি দিয়ে আঘাত করে। তারপর আমার জ্ঞান ছিল না।’ চিকি ৎসাধীন কাজল বিশ্বাস ঘটনা এড়িয়ে বলেন, ‘এমনি আমাদের মধ্যে অন্য বিষয়ে একটু হাতাহাতি হয়েছে।’ মূলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন বলেন, এটা একটা বাজে ঘটনা। ঈদের আগের বিষয় নিয়ে এটা ঘটেছে। দলীয়ভাবে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি নিন্দনীয়। দলীয়ভাবে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।চাটমোহর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, বৃহস্পতিবার রাতে উভয় পক্ষই থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছে। পাওনা টাকা চাওয়ায় সংঘর্ষ: বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল বাজারের চায়ের দোকানি বকুল হোসেন মিলন নামের এক ব্যক্তির কাছে পাওনা ২০ টাকা চাইলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। গুরুতর আহত মরিয়ম, আবেদ আলী, ছাদেক আলী, তাইজুল, শরিফুল ও ফারুক হোসেনকে (৩০) চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে এ তথ্য জানা গেছে।